ফ্রান্সে টিয়ারগ্যাসের প্রভাবে মহিলাদের প্রজনন স্বাস্থ্যে গুরুতর সংকট: গর্ভপাত ও অন্যান্য জটিলতার অভিযোগ

ফ্রান্সে বিক্ষোভ দমনের সময় পুলিশের ছোড়া টিয়ারগ্যাসের কারণে হাজার হাজার মহিলা ও কিশোরীর প্রজনন স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ার অভিযোগ উঠেছে। একটি বিক্ষোভে মাত্র ১০ ঘণ্টায় প্রায় ২২ হাজার টিয়ারগ্যাস শেল ব্যবহার করা হয়েছিল, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই ঘটনার পর থেকে ভুক্তভোগী নারীদের মধ্যে তীব্র রক্তক্ষরণ, অসহনীয় পেটব্যথা, চুল পড়া এবং ঋতুস্রাবজনিত জটিলতার মতো গুরুতর সমস্যা দেখা দিচ্ছে।

‘ল্যাক্রিমোস দে স্যাং’ নামক একটি নারীবাদী সংগঠন এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী, টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা ৯ হাজার ২০০ জনেরও বেশি মহিলার মধ্যে ৯৪ শতাংশই স্ত্রীরোগজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। সংগঠনটি আরও জানিয়েছে যে, টিয়ারগ্যাসের সংস্পর্শে আসা ৪৭ জন অন্তঃসত্ত্বা নারীর মধ্যে ১৫ জনই গর্ভপাত ঘটার কথা জানিয়েছেন। এমনকি মেনোপজ হয়ে যাওয়া বা হরমোন থেরাপি নেওয়া নারীদের মধ্যেও অস্বাভাবিক রক্তক্ষরণের ঘটনা ঘটেছে, যা চিকিৎসকদেরও ভাবিয়ে তুলেছে।

চিকিৎসকদের মতে, টিয়ারগ্যাসে থাকা রাসায়নিক উপাদান জরায়ুর রিসেপ্টরগুলোকে সক্রিয় করে সংকোচন ঘটাতে পারে। এই সংকোচন গর্ভাবস্থার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। অতীতে হংকং, যুক্তরাষ্ট্র এবং গাজার বিক্ষোভেও মহিলাদের ঋতুস্রাবজনিত জটিলতার অভিযোগ উঠেছিল, কিন্তু টিয়ারগ্যাসের প্রজননগত প্রভাব নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এখনো সীমিত। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই শারীরিক জটিলতার পেছনে মানসিক চাপকে দায়ী করলেও গবেষক ও মানবাধিকারকর্মীরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

সরকারের দাবি, তাদের নিজস্ব গবেষণায় টিয়ারগ্যাসে বিশেষ কোনো স্বাস্থ্যঝুঁকির প্রমাণ মেলেনি, যদিও সেই প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হয়নি। চিকিৎসকদের মতে, মানসিক চাপের কারণে গর্ভপাত বা মেনোপজ হওয়া নারীদের তীব্র রক্তক্ষরণের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। পর্যাপ্ত গবেষণা ছাড়া সাধারণ মানুষের ওপর এই রাসায়নিক গ্যাসের নির্বিচার ব্যবহার বন্ধের দাবি জানিয়েছেন চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা। তাঁরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *