ইতালির স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ: বিদেশি শিক্ষার্থী ভর্তিতেও কড়াকড়ি

ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ চেম্বার অফ ডেপুটিজ গত ২৬ নভেম্বর একটি নতুন শিক্ষা আইন পাস করেছে। এই আইন অনুযায়ী, ইতালির স্কুল প্রাঙ্গণে বোরকা ও নেকাবের মতো মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে। সরকারের দাবি, শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা এবং শিক্ষার পরিবেশ উন্নত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হিজাব পরার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই, কারণ এতে মুখ ঢাকা থাকে না।

স্বাস্থ্যগত কারণে বিশেষ পরিস্থিতিতে মুখ ঢাকার অনুমতি থাকলেও, নিয়ম লঙ্ঘন করলে ২০০ থেকে ১,০০০ ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

নতুন আইনে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। যেসব বিদেশি শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত জ্ঞান নেই, তাদের সংখ্যা প্রথম বর্ষের ক্লাসে ৩০ শতাংশের বেশি হতে পারবে না। সরকার জানিয়েছে, ভাষার সমস্যার কারণে বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনায় যে অসুবিধা হয়, তা দূর করতেই এই ভারসাম্য আনা হয়েছে। নির্ধারিত সীমার বেশি শিক্ষার্থী থাকলে তাদের নিকটবর্তী অন্য স্কুলে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। এছাড়া, যেসব অভিভাবকের ইতালীয় ভাষার দুর্বলতা সন্তানদের শিক্ষায় প্রভাব ফেলছে, তাদের জন্য বিনামূল্যে ভাষা কোর্সের ব্যবস্থা করা হয়েছে।

সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলো। বিরোধীদের অভিযোগ, এই আইন বৈষম্যমূলক এবং এটি বিদেশি পরিবারগুলোর প্রতি বিদ্বেষ বাড়াতে পারে। ভোটাভুটির সময় বিরোধী সংসদ সদস্যরা সংসদে পোস্টার প্রদর্শন করে প্রতিবাদ জানান। তাদের মতে, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত না করে বরং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের সংখ্যা বাড়ানোর দিকে সরকারের নজর দেওয়া উচিত।

তবে শিক্ষামন্ত্রী জিউসেপ ভালদিতারা এই আইনকে সমর্থন করে বলেছেন, ইতালীয় ভাষার জ্ঞান এবং নিয়মানুবর্তিতা স্কুলে একীকরণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এই আইনে ডিজিটাল পাঠ্যপুস্তক ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তার মতো বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *