বোল্লা কালী পুজোয় লক্ষাধিক ভক্তের ভিড়, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা

দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লা কালী পুজোয় এবার লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে। উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা হিসেবে পরিচিত এই পুজোকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।

জনশ্রুতি অনুযায়ী, স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে দেবীর শিলাময় রূপ উদ্ধার হওয়ার পর মড়কা কালী রূপে এই পুজো শুরু হয়। পরবর্তীকালে ইংরেজ আমলে জমিদার মুরারিমোহন চৌধুরী রাস পূর্ণিমার পরের শুক্রবারে এই বাৎসরিক পুজো ও মেলার সূচনা করেন। জমিদার বল্লভ মুখোপাধ্যায়ের নাম থেকেই এই স্থানের নাম বোল্লা হয়েছে বলে প্রচলিত।

এখানে সাড়ে সাত হাতের মূল প্রতিমার পাশাপাশি প্রায় হাজার খানেক ছোট মানত কালী প্রতিমার পূজা ও বাতাসা ভোগের রীতি রয়েছে। উচ্চ আদালতের নির্দেশ মেনে বর্তমানে প্রকাশ্য স্থানে বলিদান বন্ধ রেখে পুজো কমিটির তরফে ঘেরা জায়গায় দু’টি পাঁঠা বলি দেওয়া হয়। বাকি মানত করা পাঁঠাগুলো উৎসর্গ করে ছেড়ে দেওয়ার নিয়ম পালন করা হয়। দেবীকে প্রায় ১৪ কেজি সোনা ও হীরের গয়নায় সাজিয়ে তোলা হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তরফে প্রায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে মহিলা পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও সাদা পোশাকের পুলিশ রয়েছেন। সিসি ক্যামেরা ও ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি অস্থায়ী পুলিশ ক্যাম্পও তৈরি করা হয়েছে। দুই দিনাজপুর, পার্শ্ববর্তী এলাকা ও বাংলাদেশ থেকে আসা পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ ট্রেন স্টপেজ ও বেসরকারি পরিবহণের ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, প্রশাসনের সহায়তায় হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে দেবীকে শ্রদ্ধা জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *