ভারত-ডেনমার্ক সম্পর্ক জোরদারে দিল্লিতে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী, জয়শঙ্করের সঙ্গে বৈঠক আজ

পঞ্চম ভারত-ডেনমার্ক যৌথ কমিশন বৈঠকে সহ-সভাপতিত্ব করতে দিল্লি পৌঁছেছেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোক রাসমুসেন। আজ, শনিবার হায়দ্রাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই সফরের মূল লক্ষ্য হলো সবুজ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা এবং প্রযুক্তি, উদ্ভাবন, মহাকাশ, কোয়ান্টাম প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ করা।
দিল্লি সফরের আগে রাসমুসেন বেঙ্গালুরুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে তিনি ইসরো, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল) এবং বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন। মহাকাশ গবেষণায় ড্যানিশ স্টার্টআপগুলোর সুযোগ এবং তেজস ফাইটার জেটের গবেষণায় ডেনমার্কের কোম্পানির যন্ত্রাংশ ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও, কর্ণাটকের আইটি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের সঙ্গেও তার বৈঠক হয়েছে।
সফরকালে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ভারতের দক্ষ পেশাদারদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি উল্লেখ করেন যে, ডেনমার্কের প্রযুক্তি খাতে দক্ষ কর্মীর চাহিদা মেটাতে ভারত একটি বড় উৎস। এই লক্ষ্যে ‘অ্যাক্সেস টু টেক ট্যালেন্ট ইন ইন্ডিয়া’ শীর্ষক একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়েছে। ডেনমার্কের কোম্পানিগুলো ভারতে তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রম ক্রমাগত প্রসারিত করছে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।