বিএমওএইচ-এর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ, পুরুলিয়ায় স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

পুরুলিয়ার ছাতনায় এক এএনএম কর্মীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে বিএমওএইচ অর্চনা কুণ্ডুর বিরুদ্ধে। এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, গত বৃহস্পতিবার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিএমওএইচ ওই কর্মীর ওপর চড়াও হন। কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে ওই কর্মীর ওড়না টেনে ফেলে দেওয়া এবং তাঁকে বিবস্ত্র করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে অন্যান্য এএনএম কর্মীরা বিএমওএইচ-এর দফতরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। তাঁরা জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে মৌখিক অভিযোগও জানিয়েছেন।

অভিযোগের প্রেক্ষিতে বিএমওএইচ অর্চনা কুণ্ডু জানান, তিনি কোনো হেনস্তা বা হুমকি দেননি। তাঁর দাবি, গত কয়েকদিন কাজের প্রবল চাপের কারণে তিনি কেবল ধমক দিয়েছিলেন এবং পরে মেসেজ করে ক্ষমাও চেয়ে নিয়েছেন। সহকর্মীরা তাঁর পরিবারের মতো বলেও তিনি দাবি করেন।

তবে স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, কমলপুর আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্যকেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ার ঘটনার দায় চাপিয়েই বিএমওএইচ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। বিক্ষোভকারী স্বাস্থ্যকর্মীদের আরও অভিযোগ, বিএমওএইচ নিয়মিত অফিসে আসেন না এবং বেলা ১২টার পর দফতরে পৌঁছান। এই পরিস্থিতির জেরে তাঁরা বিএমওএইচ-এর পদত্যাগের দাবি তুলেছেন। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *