সম্পত্তির লোভে স্বামী-সন্তানকে বিষ প্রয়োগের অভিযোগ, গাজিয়াবাদে গ্রেপ্তার স্ত্রী

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানা এলাকার বসুন্ধরায় এক চাঞ্চল্যকর ঘটনায় রেনু ভাটনগর নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, তিনি নিজের স্বামী, ছেলে ও ভাইপোকে খাবারের সঙ্গে সিসা মিশিয়ে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা করছিলেন।

অভিযুক্ত রেনুর স্বামী সুশীল কুমার ভাটনগর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। গত কয়েক মাস ধরে সুশীলবাবু এবং তাঁর পরিবারের ওই দুই সদস্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়ছিলেন। অসুস্থতার কারণ জানতে সুশীলবাবু চিকিৎসকের পরামর্শ নিয়ে শারীরিক পরীক্ষা করান। মেডিক্যাল রিপোর্টে তাঁর শরীরে সিসার মতো বিষাক্ত ধাতুর বিপজ্জনক উপস্থিতির প্রমাণ মেলে।

পরিবারের সদস্যদের ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার বিষয়টি বুঝতে পেরে গত ২৪ সেপ্টেম্বর সুশীলবাবু ইন্দিরাপুরম থানায় তাঁর স্ত্রী রেনু ভাটনগর ও শ্বশুরবাড়ির কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ দায়েরের প্রায় দুই মাস পর গত ২৩ নভেম্বর পুলিশ রেনু ভাটনগরকে গ্রেপ্তার করে।

জেরায় রেনু নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। পুলিশ জানিয়েছে, স্বামীর ৫-৬ কোটি টাকার ট্রাভেল এজেন্সি এবং ২ কোটি টাকার জীবনবিমার টাকা হাতানোর লোভে তিনি এই ষড়যন্ত্র করেছিলেন। বিমার নমিনি হিসেবে পুরো অর্থ পাওয়ার আশায় তিনি খাবারের সঙ্গে সিসা মিশিয়ে আসছিলেন। এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *