ভারতের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হচ্ছে: জম্মু-কাশ্মীর সীমান্তে আসছে পঞ্চম S-400

ভারতের প্রতিরক্ষা মন্ত্রক দেশের আকাশসীমা সুরক্ষায় আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। জানা গেছে, ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে পঞ্চম S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কাজ শেষ হতে পারে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আগামী মাসে ভারতীয় বায়ুসেনার একটি পরিদর্শক দল রাশিয়া সফরে যেতে পারে বলে খবর। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
বর্তমানে ভারতের হাতে চারটি S-400 ইউনিট রয়েছে। এর মধ্যে তিনটি পঞ্জাব, রাজস্থান ও গুজরাত সীমান্তে এবং চতুর্থটি অসমের প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় মোতায়েন করা আছে। নতুন পঞ্চম ইউনিটটি জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর বসানোর পরিকল্পনা রয়েছে। প্রতিরক্ষা মহলের ধারণা, পাকিস্তান ও চিনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা এবং আধুনিক যুদ্ধবিমানের উপস্থিতির কথা মাথায় রেখেই এই প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
রুশ প্রযুক্তিতে তৈরি S-400 ব্যবস্থা ৪০ থেকে ৪০০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, ড্রোন এবং আত্মঘাতী ড্রোনের মতো যেকোনো আকাশপথে আসা বিপদ রুখতে অত্যন্ত কার্যকর। প্রতিরক্ষা আধিকারিকদের মতে, ভবিষ্যতের যুদ্ধে দূরপাল্লার আঘাত হানা এবং প্রতিপক্ষের হামলা প্রতিহত করার সক্ষমতাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের আকাশসীমার নিরাপত্তাকে আরও সুনিশ্চিত করবে।