ভদোদরায় বায়ুসেনা ঘাঁটিতে হামলার ছক বানচাল: জইশ জঙ্গি সন্দেহে গ্রেপ্তার অসমের যুবক

গুজরাটের ভদোদরায় ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে একটি বড়সড় হামলার ছক বানচাল করল গুজরাট পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস)। এই ঘটনায় জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মহম্মদ ইসলাম কবিরুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি অসমের বাসিন্দা।

তাঁর কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল, ২৩টি কার্তুজ, দু’টি খালি ম্যাগাজিন, জইশ-ই-মহম্মদের পতাকা, একাধিক মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গুজরাট এটিএস এই তদন্তে নামে।

জানা গিয়েছে, ভদোদরায় আসার আগে ধৃত ব্যক্তি নিজের মোবাইল ফোন বন্ধ করে দিয়েছিলেন এবং শহরে পৌঁছে একটি হোটেলে আশ্রয় নিয়েছিলেন। তদন্তে উঠে এসেছে, মুফতি রফিক ওরফে ইবন আবদুল্লা নামে জইশ-ই-মহম্মদের সঙ্গে যুক্ত এক ব্যক্তি কবিরুদ্দিনকে পরিচালনা করছিলেন।

এই অভিযানের জন্য তাঁকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছিল। ভদোদরায় হামলা চালানোর পর পাকিস্তানে গিয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। ধৃতের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁকে আদালতে পেশ করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই নাশকতার পরিকল্পনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *