বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ, ভারতের সতর্ক নজরদারির পক্ষে সওয়াল শ্রিংলার

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তিনি মন্তব্য করেছেন যে, ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘতম স্থলসীমান্ত থাকায় ওপারের ঘটনাপ্রবাহ সরাসরি ভারতের ওপর প্রভাব ফেলে। সংখ্যালঘু হিন্দুদের ওপর হিংসা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং আইনশৃঙ্খলার অবনতির মতো বিষয়গুলোতে ভারতের সতর্ক নজর রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

শ্রিংলার মতে, প্রতিবেশী হিসেবে পরিস্থিতি সামাল দিতে যা করণীয় তা করা উচিত, তবে এই দায়ভার মূলত বর্তমান বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়।

জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে শ্রিংলা দাবি করেন, ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের বাসিন্দাদের মূলস্রোতে আনার ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। তাঁর অভিযোগ, অতীতে কংগ্রেস সরকার ৩৭০ ও ৩৫এ অনুচ্ছেদের মাধ্যমে কাশ্মীরকে অস্থায়ী মর্যাদায় আটকে রেখেছিল। তিনি আরও বলেন, আগে কাশ্মীরে নিয়মিত পাথর ছোড়া ও সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটলেও বর্তমানে সেখানে শান্তি ফিরেছে এবং পর্যটন ও অর্থনীতির প্রসার ঘটেছে।

সংবিধান দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রিংলা বলেন, অতীতে ৩৫৬ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে নির্বাচিত রাজ্য সরকার বরখাস্ত করার নজির ছিল। জরুরি অবস্থার সময় নাগরিকদের স্বাধীনতা ও গণমাধ্যমের অধিকার খর্ব হওয়ার ঘটনাও কংগ্রেসের আমলেই ঘটেছিল বলে তিনি দাবি করেন। তাঁর মতে, বিজেপি সরকার কখনোই ৩৫৬ ধারা বা জরুরি অবস্থার মতো পথে হাঁটার কথা ভাবেনি। জিএসটি, ইডব্লিউএস সংরক্ষণ ও মহিলা সংরক্ষণের মতো উদ্যোগগুলো সংবিধানের মূল্যবোধকে সম্মান জানানোরই অংশ বলে তিনি উল্লেখ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *