প্যাকেটজাত খাবারে এবার বাধ্যতামূলক লাল ষড়ভুজ: সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ

প্যাকেটজাত খাবারের গুণমান এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সুপ্রিম কোর্ট এক বড় নির্দেশ জারি করেছে। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-কে নির্দেশ দিয়েছে যে, এখন থেকে প্যাকেটজাত খাবারের সামনের দিকে পুষ্টিগুণ সংক্রান্ত সতর্কবার্তা বা ‘ফ্রন্ট অফ প্যাকেজ নিউট্রিশন লেবেলিং’ চালু করতে হবে।
এই নির্দেশ অনুযায়ী, কোনো খাবারে যদি নির্ধারিত সীমার চেয়ে বেশি চিনি, নুন বা ফ্যাট থাকে, তবে প্যাকেটের সামনের দিকে লাল রঙের ষড়ভুজ আকৃতির চিহ্ন ব্যবহার করা বাধ্যতামূলক। প্রতিটি লাল ষড়ভুজ চিহ্নে স্পষ্ট করে ‘হাই সুগার’, ‘হাই সল্ট’ অথবা ‘হাই ফ্যাট’ লেখা থাকতে হবে। যদি কোনো খাবারে এই তিনটি উপাদানের পরিমাণই বেশি থাকে, তবে তিনটি পৃথক সতর্কবার্তা দিতে হবে। একটি চিহ্নের মধ্যে সবকটি উপাদানের উল্লেখ করা যাবে না।
আদালত আরও জানিয়েছে, এই চিহ্নগুলো প্যাকেটের সামনের প্রধান প্রদর্শনযোগ্য অংশের অন্তত ৪ থেকে ৫ শতাংশ জায়গা জুড়ে থাকতে হবে। ফন্ট এমন হতে হবে যাতে সাধারণ ক্রেতারা সহজেই তা পড়তে পারেন। FSSAI-কে বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে এই উপাদানগুলোর নির্দিষ্ট সীমা বা থ্রেশহোল্ড নতুন করে নির্ধারণ করতে বলা হয়েছে। এক্ষেত্রে শুধু বাইরে থেকে যোগ করা চিনি বা ফ্যাট নয়, বরং মোট চিনির পরিমাণ, স্যাচুরেটেড ফ্যাট এবং নুনের পরিমাণকে গুরুত্ব দিতে হবে।
শীর্ষ আদালত আগামী চার মাসের মধ্যে এই সংক্রান্ত খসড়া বিধি চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালত সতর্ক করেছে যে, সংস্থাগুলো যেন কৃত্রিম প্রিজারভেটিভ বা অন্য উপাদান ব্যবহার করে এই নিয়ম এড়িয়ে যাওয়ার চেষ্টা না করে, সেদিকেও কড়া নজর রাখতে হবে।