ফুটবলার স্নেহাশিস দাশগুপ্তের মৃত্যু: ৬ বছর পর ফের গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগ

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর শ্রীরামপুর মালগুদামের কাছে রেললাইন থেকে পোর্ট ট্রাস্টের গোলরক্ষক স্নেহাশিস দাশগুপ্ত ওরফে রাজার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই চাঞ্চল্য ছিল। অভিযোগ ওঠে, দুর্গাপূজার নবমীর রাতে পাড়ার দুই যুবক রিন্টু ও পাপানের সঙ্গে রাজার মারপিট হয়।

সেই ঘটনার খবর পেয়ে শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগ ঘটনাস্থলে যান। অভিযোগ, তিনি রাজাকে মারধর করেন। গভীর রাতে অচৈতন্য অবস্থায় রাজাকে এক বন্ধুর বাড়িতে রেখে আসা হয়। পরের দিন রেললাইনে তাঁর দেহ পাওয়া যায়।

শুরু থেকেই রাজার বাবা-মা অভিযোগ করে আসছিলেন যে, মারধরের পর রাজাকে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় পুলিশ পিন্টু নাগকে গ্রেফতার করলেও ২০২১ সালের ৩ মার্চ তিনি বেকসুর খালাস পান।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছেলের মৃত্যুর বিচার না পেয়ে রাজার বাবা দোলন দাশগুপ্ত ও মা রিঙ্কু দেবী রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। অভিযোগকারীদের দাবি, ঘটনার সময় অভিযুক্তদের প্রভাব থাকায় তাঁরা ভয়ে মুখ খুলতে পারেননি। তবে বর্তমান পরিস্থিতিতে তাঁরা ন্যায়বিচারের আশা করছেন। এই অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে শ্রীরামপুর থানার পুলিশ পিন্টু নাগকে পুনরায় গ্রেফতার করেছে। এই নতুন মোড় ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *