টুলু মণ্ডল মামলায় হাইকোর্টের নির্দেশ: ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ, জমা দিতে হবে কেস ডায়েরি

টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আবেদন সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে ওঠে। শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতকে জানান যে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী টুলু মণ্ডল আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন। তাই এই মামলার শুনানি নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে রাজ্যের তরফে জানানো হয়।
তবে টুলু মণ্ডলের আইনজীবী এই বক্তব্যের বিরোধিতা করেন। এই পরিস্থিতিতে আদালত রাজ্যকে টুলু মণ্ডলের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য সওয়াল করেন যে, মামলার মাধ্যমে তদন্তের গতিপথ জানার চেষ্টা করা হচ্ছে।
রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, টুলু মণ্ডলের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হওয়া নিয়ে আদালতে কোনও মামলা নেই, তাই সে বিষয়ে আদালত কোনও পদক্ষেপ করতে পারে না। ভবিষ্যতে নতুন করে কোনও লুকআউট সার্কুলার জারি হলে তা আদালতকে জানানো হবে বলেও রাজ্য আশ্বস্ত করেছে। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে টুলু মণ্ডলের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৭ নভেম্বর তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর নতুন করে কোনও লুকআউট সার্কুলার জারি হয়েছে কি না, তা জানতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ মহম্মদবাজার থানায় হাজিরা দেন টুলু মণ্ডল। সেখানে জিজ্ঞাসাবাদের পর দুপুর ২টো নাগাদ তিনি সিউড়ি থানায় যান এবং সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।