ফরাক্কায় গঙ্গার ওপর চার লেনের নতুন সেতু চালু, কমবে উত্তরবঙ্গ যাত্রীদের ভোগান্তি

মুর্শিদাবাদের ফরাক্কায় গঙ্গা নদীর ওপর নবনির্মিত চার লেনের নতুন সেতুর উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ সাত বছরের প্রতীক্ষার পর এই সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গগামী যাত্রীদের দীর্ঘদিনের যানজটের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী। ফরাক্কা ব্যারেজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে নির্মিত এই সেতুটি পৌনে তিন কিলোমিটার দীর্ঘ। এই প্রকল্পের জন্য সরকারের ব্যয় হয়েছে ৬০০ কোটি টাকারও বেশি।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে চালু হওয়া ফরাক্কা ব্যারেজের ওপর দিয়ে এতদিন ১২ নম্বর জাতীয় সড়কের যান চলাচল করত। কিন্তু ব্যারেজটি জীর্ণ হয়ে পড়ায় এবং অতিরিক্ত যানজটের কারণে নতুন সেতুর প্রয়োজনীয়তা দেখা দেয়। নতুন এই সেতুতে আপ এবং ডাউন লেনের জন্য পৃথক দুটি সমান্তরাল কাঠামো তৈরি করা হয়েছে, যার প্রতিটিতে দুটি করে মোট চারটি লেন রয়েছে।

ফরাক্কা কলেজ মোড় থেকে শুরু হয়ে সেতুটি মালদা জেলার পিটিএস টাউনশিপ মোড় পর্যন্ত বিস্তৃত। নতুন এই সেতু চালু হওয়ার ফলে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা পর্যন্ত সাশ্রয় হতে পারে। এছাড়া ফরাক্কা ও মালদাবাসীসহ উত্তর-পূর্ব ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে। নতুন সেতু চালু হওয়ায় এখন থেকে ফরাক্কা ব্যারেজের ওপর যান চলাচল নিয়ন্ত্রিত হবে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *