আয় গোপন করে খোরপোশ দাবি, স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা হাই কোর্টের

কলকাতা হাই কোর্ট এক স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। অভিযোগ, তিনি নিজেকে বেকার দাবি করে স্বামীর কাছে খোরপোশ আদায়ের চেষ্টা করেছিলেন। বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
জানা গেছে, ওই তরুণী বি-টেক এবং এমসিএ ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও নিজের প্রকৃত আয় গোপন করে আদালতে মিথ্যা তথ্য দিয়েছিলেন। আদালতকে বিভ্রান্ত করার দায়েই এই জরিমানা ধার্য করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০২২ সালের ৫ এপ্রিল। ওই তরুণী আলিপুর আদালতে স্বামীর কাছে মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশ দাবি করে মামলা করেন। তিনি নিজেকে বেকার এবং আর্থিক ভাবে স্বামীর উপর নির্ভরশীল বলে দাবি করেছিলেন। আলিপুর আদালত স্বামীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ দেওয়ার নির্দেশ দেয়।
আলিপুর আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে স্বামী হাই কোর্টের দ্বারস্থ হন। হাই কোর্টে শুনানির সময় প্রকাশ পায় যে, ওই তরুণী বেঙ্গালুরুর একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। ২০২৬ সালের অগস্ট মাসে তাঁর বেতন ছিল প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ৫৯৪ টাকা, যেখানে স্বামীর মাসিক আয় প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা।
নিজের আয় গোপন করার বিষয়টি প্রমাণিত হওয়ায় আদালত আলিপুর আদালতের নির্দেশ খারিজ করে দিয়েছে। বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, স্বামীকে আর স্ত্রীকে কোনো খোরপোশ দিতে হবে না।