সংবিধান দিবসে মোদীর বার্তা: সংবিধানের প্রশংসা, পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগ

সংবিধান দিবসে ভারতের সংবিধানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সংবিধান এবং গণপরিষদের অনন্য ধারার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের মতো বৈচিত্র্যময় দেশে যেখানে অসংখ্য ভাষা, প্রথা ও চিন্তাধারা রয়েছে, সেখানে সংবিধানের গুরুত্ব অপরিসীম।
প্রধানমন্ত্রী মোদী জানান, এক দশকেরও বেশি সময় আগে ভারত সরকার ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিল। এর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ ও যুবসমাজের সঙ্গে সংবিধানের সংযোগ আরও গভীর করা।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, কোটি কোটি ভারতীয়র কাছে সংবিধান জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। শৈশবের সংগ্রামের কথা স্মরণ করে তিনি সংবিধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একইসঙ্গে তিনি দাবি করেন, এনডিএ সরকার গত কয়েক বছরে সংবিধানকে আরও শক্তিশালী করার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়েছে।
তবে এই দিনেই পূর্ববর্তী সরকারগুলোর সমালোচনা করতে ছাড়েননি প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, যারা পাঁচ দশক ধরে দেশ শাসন করেছে, তারা সংবিধানকে পদদলিত করেছে। মোদীর মতে, একটি রাজনৈতিক দল বর্তমানে ‘বিরোধ পক্ষ’ থেকে ‘অবরোধ পক্ষে’ পরিণত হয়েছে। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ঐক্যের চেতনাকে শক্তিশালী করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।