এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ খারিজ, রাহুল গান্ধীর আবেদনে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়

এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশ বাতিল করে একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়। এই বেঞ্চের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। রাহুল গান্ধীর করা আবেদনের প্রেক্ষিতেই শীর্ষ আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শুনানি চলাকালীন রাহুল গান্ধীর আইনজীবী দাবি করেন যে, তাঁকে কোনো নোটিশ না দিয়ে বা তাঁর বক্তব্য না শুনেই একতরফাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এই যুক্তিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের পূর্বের নির্দেশ খারিজ করে দিয়েছে। পাশাপাশি, মামলাটি নতুন করে শোনার জন্য এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিকে নতুন বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অগস্ট সুপ্রিম কোর্ট এই মামলায় নোটিশ জারি করেছিল। সেই সময় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই বা ইডি-র মতো সংস্থাকে রিপোর্ট জমা দিতে নিষেধ করা হয়েছিল এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত হাইকোর্টে শুনানি স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। বুধবারের এই রায়ের ফলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আইনি লড়াইয়ে বড় স্বস্তি পেলেন বলে মনে করা হচ্ছে।