মার্কিন শুল্কের খাঁড়া ১৬ দেশের উপর, ভারত-চিন-সহ তালিকায় বাংলাদেশও

মার্কিন প্রশাসন ভারত ও চিন-সহ মোট ১৬টি দেশের পণ্যে নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা করছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ অনুচ্ছেদের আওতায় এই দেশগুলির বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে আমেরিকার বাণিজ্য প্রতিনিধিরা। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল সংশ্লিষ্ট দেশগুলির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে ভারসাম্য বজায় রাখা।
আগামী বুধবার এই তদন্তের ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এর পরেই নতুন শুল্ক কার্যকর হতে পারে। তালিকায় থাকা দেশগুলির মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, তাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইৎজ়ারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর, বাংলাদেশ এবং কম্বোডিয়া। তবে মেক্সিকো ও নরওয়ের ক্ষেত্রে এখনই শুল্ক আরোপের সম্ভাবনা কম।
মার্কিন আধিকারিকদের মতে, অতিরিক্ত উৎপাদন ক্ষমতা থাকা দেশগুলির পণ্যে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসতে পারে। এছাড়া শ্রম আইন লঙ্ঘনের দায়ে অতিরিক্ত ১০ থেকে ১২.৫ শতাংশ শুল্ক ধার্যের সম্ভাবনাও রয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে মার্কিন সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক আমদানি কর বাতিল করার পর, তার বিকল্প হিসেবেই এই নতুন শুল্কের ভাবনা।
জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো যেসব দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি রয়েছে, তাদের ক্ষেত্রে শুল্কের ঊর্ধ্বসীমা বহাল রাখা হতে পারে। ভারত ও আমেরিকার মধ্যে একটি অন্তর্বর্তিকালিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে নতুন শুল্কের সম্ভাবনা তৈরি হওয়ায়, ভারতের জন্য একটি ভারসাম্যপূর্ণ চুক্তি শুল্কের চাপ সামলাতে বাড়তি সুরক্ষা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।