বাগডোগরায় ভেঙে পড়ল সেনার হেরন ড্রোন, রানওয়ের ক্ষতি, বিমান চলাচলে প্রভাব নেই

বাগডোগরা বিমানবন্দরে সোমবার ভারতীয় সেনাবাহিনীর একটি ‘হেরন এমকে-১’ মডেলের চালকবিহীন নজরদারি ড্রোন দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ৫০৭ আর্মি অ্যাভিয়েশন ব্যাটালিয়নের এই ড্রোনটি একটি বিশেষ ‘এডিআর’ মিশনে রিলে এয়ারক্রাফট হিসেবে কাজ করছিল।

মিশন শেষে রানওয়েতে অবতরণের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ড্রোনটি মাটিতে আছড়ে পড়ে। এই ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার তীব্রতায় ড্রোনটির সামনের প্রপেলার সম্পূর্ণ ভেঙে যায় এবং ডানদিকের ডানা ও মূল কাঠামোটি দু’টুকরো হয়ে যায়। রানওয়ের তিনটি অংশেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ও সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা দ্রুত রানওয়ে পরিষ্কার ও মেরামতের কাজ শুরু করেন। সিআইএসএফ-এর তরফে মঙ্গলবার এই দুর্ঘটনার বিষয়টি প্রকাশ্যে আনা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার ফলে বাণিজ্যিক বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সময়েই ৩৩ জোড়া বিমান অবতরণ ও উড্ডয়ন করেছে।

অবতরণের শেষ মুহূর্তে কোনো পূর্ব-সংকেত ছাড়াই ড্রোনটি কেন নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে সেনাবাহিনীর তরফে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। অন্যান্য প্রতিরক্ষা সম্পত্তি বর্তমানে সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *