হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার উন্নতি, তবে কাটেনি সম্পূর্ণ বিপদ

হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বিষক্রিয়ার জেরে অসুস্থ হয়ে তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার সকালে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেওয়ার পর থেকে তাঁর কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের আর প্রয়োজন হয়নি।

বর্তমানে তিনি চিকিৎসকদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারছেন এবং হাত নেড়ে নিজের শারীরিক অবস্থার বিষয়ে ইতিবাচক সাড়াও দিচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষক্রিয়ার পর অচেতন অবস্থায় লালা ও বমি শ্বাসনালীতে চলে যাওয়ায় তিনি অ্যাসপিরেশন নিউমোনিয়ার শিকার হয়েছিলেন। ফুসফুসের সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় চিকিৎসকরা তাঁকে এখনও নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। রক্তে অক্সিজেনের মাত্রা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় মাঝে মাঝে তাঁকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে।

মঙ্গলবার বিকেলে তাঁর বুকের সিটি স্ক্যান করা হয়েছে, যার রিপোর্টে আগের চেয়ে উন্নতির ইঙ্গিত মিলেছে। চিকিৎসকদের গঠিত তিন সদস্যের মেডিক্যাল বোর্ড জানিয়েছে, বিপদ এখনও পুরোপুরি কাটেনি। বিধায়কের রক্ত পরীক্ষা করা হলেও শরীরে প্রবেশ করা বিষাক্ত পদার্থটির প্রকৃত পরিচয় এখনও জানা যায়নি। পরিবারের দেওয়া কীটনাশকের শিশিতে রাসায়নিক উপাদানের কোনো উল্লেখ না থাকায় নির্দিষ্ট বিষের প্রভাব চিহ্নিত করতে সমস্যা হচ্ছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁকে আরও অন্তত ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। গত শনিবার রাতে হিঙ্গলগঞ্জের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিধায়ক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *