কলা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে? এই ঘরোয়া টোটকা মেনে চললে দীর্ঘদিন থাকবে টাটকা

বাড়িতে কলা কিনে আনার পর অনেকেই অভিযোগ করেন যে কয়েক দিনের মধ্যেই খোসায় কালচে দাগ পড়ে যায় এবং ফল নরম হয়ে নষ্ট হয়ে যায়। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে একটি সহজ ঘরোয়া কৌশল অবলম্বন করা যেতে পারে। রান্নাঘরের একটি সাধারণ উপকরণ ব্যবহার করেই কলার সতেজতা কিছুটা বেশি দিন ধরে রাখা সম্ভব।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, কলার কাঁদির উপরের ডাঁটি বা গোড়ার অংশটুকু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে রাখলে ফল দ্রুত পেকে যাওয়ার প্রক্রিয়া ধীর করা যায়। নেব্রাস্কা-লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ নির্দেশিকাতেও এই পদ্ধতির কার্যকারিতার কথা উল্লেখ করা হয়েছে। এর পেছনের কারণ হলো, ফল পাকতে শুরু করলে ইথিলিন নামক এক প্রকার প্রাকৃতিক গ্যাস নির্গত হয়, যা পাকার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কলার গোড়ায় ফয়েল বা প্লাস্টিক র্যাপ জড়িয়ে রাখলে এই গ্যাসের প্রভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়, ফলে কলা দেরিতে পাকে।
কলা সংরক্ষণের জন্য কিছু বিষয় মনে রাখা জরুরি। ঠান্ডা, শুকনো ও অন্ধকার জায়গা বেছে নেওয়া উচিত। বন্ধ প্লাস্টিকের ব্যাগে কলা রাখা ঠিক নয়, কারণ এতে আর্দ্রতা ও ইথিলিন জমে ফল দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও, আপেল বা অ্যাভোকাডোর মতো ফল থেকেও ইথিলিন নির্গত হয়, তাই এগুলোর কাছাকাছি কলা না রাখাই ভালো।
ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কলা যখন আপনার পছন্দমতো পেকে যাবে, তখন তা ফ্রিজে রাখা যেতে পারে। ফ্রিজে রাখলে কলার খোসার রং বাদামি বা কালচে হয়ে যেতে পারে, তবে ভিতরের শাঁস বেশ কয়েক দিন ভালো থাকে। তাই কলা দীর্ঘদিন টাটকা রাখতে কেনার সময় বিভিন্ন পর্যায়ে পাকা কলা বেছে নেওয়া এবং সঠিক সংরক্ষণের কৌশল অবলম্বন করা প্রয়োজন।