গাইঘাটায় ঠিকাদারের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য, নগদ ও নথি খোয়া গেলেও সোনার গয়না অক্ষত

উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ছোট সেহানা গ্রামে এক ঠিকাদারের বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পেশায় ঠিকাদার হেমন্ত সরকার কর্মসূত্রে হায়দরাবাদে থাকেন। তিনি সপরিবারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা তাঁর ফাঁকা বাড়িতে হানা দেয়।
মঙ্গলবার বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখেন যে, মূল ফটকের তালা ভাঙা এবং ঘরের ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ উঠেছে, আলমারির লকার ভেঙে সাত লক্ষাধিক টাকা নগদ, কাঁসা-পিতলের সামগ্রী, ঠাকুরমূর্তি এবং জমির দলিলসহ একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে। দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্কটিও নিয়ে গেছে।
তবে, এই চুরির ঘটনায় একটি অদ্ভুত দিক উঠে এসেছে। বাড়ির ভেতরে সোনার গয়না থাকা সত্ত্বেও চোরেরা সেগুলোতে হাত দেয়নি। এই বিষয়টি এলাকায় রহস্যের জন্ম দিয়েছে। চুরির পাশাপাশি বাড়িতে মদ্যপানেরও প্রমাণ মিলেছে। ফ্রিজ খুলে খাবার খাওয়ার পাশাপাশি রান্নাঘর থেকে দুই ট্রে ডিমও দুষ্কৃতীরা নিয়ে গেছে।
ঘটনার খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। জনবসতিপূর্ণ এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ না থাকায় পুলিশ অন্যান্য তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।