দীর্ঘক্ষণ গাড়ি চালালে হৃদযন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব: নতুন গবেষণায় উদ্বেগ

ইউনিভার্সিটি অফ হিউস্টনের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, প্রতিদিন দীর্ঘ সময় গাড়ি চালালে হৃদযন্ত্রের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই গবেষণায় দেখা গেছে, গাড়ি চালানোর সময় চালকের মনোযোগ, সিদ্ধান্ত গ্রহণ এবং দ্রুত প্রতিক্রিয়ার প্রস্তুতির কারণে মানসিক চাপ সৃষ্টি হয়। শরীর স্থির থাকলেও মন সক্রিয় থাকায় হৃদস্পন্দনের হার বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
টেক্সাসের বিভিন্ন শহরে ৫৭ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর এক সপ্তাহ ধরে এই গবেষণা পরিচালিত হয়। এই সময়ে প্রায় ১ লক্ষ ৮০ হাজার পর্যবেক্ষণ সংগ্রহ করা হয়েছে। অ্যাপল ওয়াচ ও আইফোনের মাধ্যমে সংগৃহীত তথ্যে দেখা গেছে, ড্রাইভিংয়ের সময় ৯৪ শতাংশ ক্ষেত্রেই হৃদস্পন্দন স্বাভাবিক বিশ্রামের হারের চেয়ে বেশি ছিল। অথচ বাড়িতে বসে থাকা অবস্থায় এই হার ছিল ৮১ শতাংশ।
গবেষকদের মতে, ব্যায়ামের সময় হৃদস্পন্দন বাড়লে তা শরীরের জন্য উপকারী হলেও, গাড়ি চালানোর সময় এই বাড়তি চাপ কোনো শারীরিক সুবিধা দেয় না। চিকিৎসকদের মতে, ঘন ঘন হৃদস্পন্দন বেড়ে যাওয়ার ফলে কার্ডিওমায়োপ্যাথি বা হৃদপেশি দুর্বল হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এর ফলে হার্ট ফেইলিওর, রক্ত জমাট বাঁধা বা কার্ডিয়াক অ্যারেস্টের মতো গুরুতর ঝুঁকি তৈরি হয়।
গবেষক আইওনিস পাভলিডিসের মতে, দিনের পর দিন দীর্ঘ সময় ধরে এই বাড়তি চাপের ফলে হৃদযন্ত্রের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগের অবকাশ রয়েছে। ভবিষ্যতে গবেষক দলটি দীর্ঘ দূরত্বের যাত্রী এবং পেশাদার চালকদের ওপর আরও বিস্তারিত পরীক্ষা চালানোর পরিকল্পনা করছেন। এছাড়া স্বয়ংক্রিয় গাড়ি বা অটোনোমাস রাইড সার্ভিসের ক্ষেত্রে যাত্রীদের হৃদস্পন্দনের ওপর কোনো ইতিবাচক প্রভাব পড়ে কি না, তাও খতিয়ে দেখা হবে। মানুষের দৈনন্দিন যাতায়াতকে কীভাবে কম চাপের মাধ্যমে সম্পন্ন করা যায়, তা খুঁজে বের করাই এই গবেষণার মূল লক্ষ্য।