রাজ্যে কেন্দ্রীয় হকার আইন কার্যকরের দাবিতে পুরমন্ত্রীর দ্বারস্থ হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি, একাধিক পুরসভার সমস্যা তুলে ধরা হল

সারা রাজ্যে কেন্দ্রীয় হকার আইন কার্যকর করা এবং হকারদের জীবন-জীবিকার সুরক্ষার দাবিতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হয়েছে ‘হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি’। সংগঠনের সভাপতি অসিত সাহার স্বাক্ষরিত একটি স্মারকলিপি মন্ত্রীর দফতরে জমা দেওয়া হয়েছে।

স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ২০১৪ সালে কেন্দ্রীয় হকার আইন পাশ হলেও রাজ্যে তা সঠিকভাবে রূপায়িত হয়নি। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত পুর অঞ্চলে দ্রুত ‘প্রভিশনাল টাউন ভেন্ডিং কমিটি’ গঠন করে সমীক্ষা ও নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গড়ার দাবি জানানো হয়েছে। কলকাতা পুরসভার অন্তর্গত হকারদের অবিলম্বে সমীক্ষা করে রেজিস্ট্রেশন ও ‘ভেন্ডিং সার্টিফিকেট’ দেওয়ার আর্জিও জানিয়েছে সংগঠনটি।

বিভিন্ন পুরসভার নির্দিষ্ট সমস্যাও তুলে ধরা হয়েছে। শিলিগুড়ি পুরসভার নিষ্ক্রিয় টাউন ভেন্ডিং কমিটির পুনর্গঠন, বিধাননগর পুরসভায় কমিটি গঠন ও সমীক্ষা এবং রাজারহাট নিউ টাউনের কমিটিকে মান্যতা দিয়ে দ্রুত সমীক্ষা শেষ করার দাবি তোলা হয়েছে। এছাড়া দার্জিলিং পুরসভায় হকারদের পুনর্বাসনের জন্য নির্মীয়মাণ ভবনের কাজ দ্রুত শেষ করা এবং রায়গঞ্জে কমিটি গঠন করে শংসাপত্র দেওয়ার বিষয়টিও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম স্বনিধি’-র মাধ্যমে ঋণ প্রদানে রাজ্যে আশানুরূপ কাজ হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে সংগঠন। এই বিষয়ে পুরমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। খাদ্য বিক্রেতা হকারদের জন্য ‘এফএসএসএআই’ প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।

সংগঠনের প্রতিনিধিরা জানিয়েছেন, সম্প্রতি নবান্নে পুরমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়েছিল। সেই সময় মন্ত্রী কেন্দ্রীয় হকার আইন ও রাজ্য বিধি নিয়ে আলোচনার আশ্বাস দিয়েছিলেন। হকারদের সার্বিক উন্নয়নে মন্ত্রী দ্রুত তাঁদের সঙ্গে ফের বৈঠকে বসবেন বলেই আশাবাদী হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *