হুগলি মোহনায় ধাতব দূষণ কমলো, আশার আলো দেখাচ্ছে আইআইটি খড়গপুরের সমীক্ষা

হুগলি মোহনায় ধাতব দূষণের মাত্রা কমে যাওয়ায় পরিবেশবিদদের মধ্যে স্বস্তি ফিরেছে। আইআইটি খড়গপুরের গবেষকদের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, এই অঞ্চলে ধাতব দূষণ ৩৭.৭৬ শতাংশ হ্রাস পেয়েছে। এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘জিওহেলথ’-এ প্রকাশিত হয়েছে।
গবেষণায় জানানো হয়েছে, ২০০১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মোহনায় দূষণের মাত্রা অত্যন্ত উদ্বেগজনক ছিল। তবে ২০১৫ সালের পর থেকে দূষণের সূচক বা পিএলআই উল্লেখযোগ্যভাবে কমে সর্বনিম্ন ০.৬১-এ নেমে এসেছে। দূষণ পরিমাপের জন্য ‘পপুলেশন নরমালাইজড পলিউশন লোড’ (পিএনপিএল) নামক একটি নতুন সূচক ব্যবহার করা হয়েছে।
কলকাতা শহরের বিপুল জনসংখ্যা, শিল্পবর্জ্য, কৃষিজ বর্জ্য এবং বন্দরের বর্জ্য সরাসরি হুগলি নদীতে মেশার পরেও এই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। গবেষকদের মতে, ১৯৮৬ সালের ‘গঙ্গা অ্যাকশন প্ল্যান’, ২০১৪ সালের ‘নমামি গঙ্গে’ এবং ‘স্বচ্ছ গঙ্গা অভিযান’-এর মতো সরকারি পদক্ষেপের ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
আইআইটি খড়গপুরের সোহম চট্টোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী, অনিন্দ্য দাস, গুঞ্জন রায়, স্মৃতিরেখা মোহান্ত ও সুচরিতা চক্রবর্তীর নেতৃত্বে এই গবেষণাটি সম্পন্ন হয়েছে। তবে গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, দূষণের সূচক কমলেও বাস্তুতন্ত্র পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে এমনটা ভাবার অবকাশ নেই। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বর্জ্য জল ব্যবস্থাপনা এবং দূষণ নিয়ন্ত্রণ নীতি কঠোরভাবে কার্যকর করার ওপর তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন।