আপনজনের হাতেই খুন হচ্ছেন মহিলারা: ২০২৫ সালে প্রতি ঘণ্টায় ৫ জন, রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে উদ্বেগ

রাষ্ট্রপুঞ্জের মহিলা বিভাগ এবং মাদক ও অপরাধ সংক্রান্ত দফতরের (ইউএনওডিসি) সাম্প্রতিক রিপোর্ট বিশ্বজুড়ে মহিলাদের নিরাপত্তা নিয়ে এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার মহিলা খুন হয়েছেন। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ৪৭ হাজার মহিলা, প্রাণ হারিয়েছেন নিজের সঙ্গী, স্বামী বা ঘনিষ্ঠ আত্মীয়ের হাতে। এই তথ্যই প্রমাণ করে যে, মহিলারা নিজেদের পরিবারেও নিরাপদ নন।
এই হিসাব অনুযায়ী, গত বছর প্রতি ঘণ্টায় গড়ে পাঁচ জন মহিলা এবং প্রতিদিন ১২৯ জন মহিলা আপনজনের হাতে খুন হয়েছেন। যদিও ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা কিছুটা কম বলে উল্লেখ করা হয়েছে, তবে রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহের সীমাবদ্ধতার কারণেই এই পরিসংখ্যান কিছুটা কম মনে হতে পারে। অর্থাৎ, প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
মহাদেশভিত্তিক তথ্যে দেখা যাচ্ছে, আফ্রিকায় এই ধরনের ঘটনা সর্বাধিক। ২০২৫ সালে আফ্রিকায় ২২,১০০ জন মহিলা সঙ্গী বা আত্মীয়ের হাতে খুন হয়েছেন। এরপরেই রয়েছে এশিয়া, যেখানে ১৫,১০০ জন মহিলা এই সহিংসতার শিকার হয়েছেন। আমেরিকায় ৭,৪০০ জন, ওশিয়ানিয়ায় ৩০০ জন এবং ইউরোপে ২,১০০ জন মহিলা খুন হয়েছেন। আমেরিকায় খুন হওয়া মহিলাদের ৭০ শতাংশের ক্ষেত্রেই অভিযুক্ত স্বামী বা সঙ্গী। ইউরোপে এই হার ৬৩ শতাংশ। আফ্রিকা ও এশিয়ার ক্ষেত্রে সঠিক তথ্যের অভাবে বিস্তারিত বিভাজন স্পষ্ট নয়।
ভারতের ক্ষেত্রে সর্বশেষ তথ্য ২০২৪ সালের। জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী, ওই বছর ভারতে মোট ২৭ হাজার ৪৯ জন খুন হন, যার মধ্যে ৬,৯০০ জন ছিলেন প্রাপ্তবয়স্ক মহিলা। এছাড়া, পণের দাবিতে মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে ৫,৮১১টি।
রাষ্ট্রপুঞ্জের মতে, মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্যাতনের অভিযোগ জানানোর পরিবেশ তৈরি করতে প্রতিটি দেশের প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে, সমাজ ও মানসিকতার পরিবর্তনের অভাবেই এই ধরনের অপরাধ ক্রমশ ‘সহনীয়’ হয়ে উঠছে, যা অত্যন্ত আশঙ্কাজনক।