স্কুলে ভর্তির নিয়মে আমূল পরিবর্তন: ২০২৭ থেকে প্রথম শ্রেণিতে বাধ্যতামূলক ৬ বছর

রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ভর্তির ক্ষেত্রে এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে, যেখানে পড়ুয়াদের বয়স হিসাব করা হবে ১ জানুয়ারি ২০২৭ তারিখের নিরিখে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিশুর ন্যূনতম বয়স ছয় বছর হতে হবে, যা সাত বছরের কম। প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তির জন্য বয়স পাঁচ থেকে ছয় বছরের কম হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতিটি স্তরের জন্য নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির জন্য সাত থেকে আট বছরের কম, তৃতীয় শ্রেণির জন্য আট থেকে নয় বছরের কম এবং চতুর্থ শ্রেণির জন্য নয় থেকে দশ বছরের কম বয়স ধার্য করা হয়েছে। পঞ্চম শ্রেণির জন্য দশ থেকে এগারো বছরের কম, ষষ্ঠ শ্রেণির জন্য এগারো থেকে বারো বছরের কম, সপ্তম শ্রেণির জন্য বারো থেকে তেরো বছরের কম এবং অষ্টম শ্রেণির জন্য তেরো থেকে চোদ্দো বছরের কম বয়সসীমা বেঁধে দেওয়া হয়েছে।
এই নিয়ম শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিশেষ পরিস্থিতিতে প্রধান শিক্ষক বা শিক্ষিকা সর্বোচ্চ চার মাস পর্যন্ত বয়সের ছাড় দিতে পারবেন। শিক্ষার অধিকার আইন অনুযায়ী, স্কুলে ভর্তির সময় কোনো শিশুর স্ক্রিনিং বা বাছাই পরীক্ষা নেওয়া যাবে না। ছয় থেকে চোদ্দো বছর বয়সি প্রত্যেক শিশুকে বয়স অনুযায়ী বিনামূল্যে শিক্ষার সুযোগ দিতে হবে, যা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে আঠারো বছর পর্যন্ত কার্যকর। অভিভাবকদের জন্মের শংসাপত্র অনুযায়ী সন্তানের বয়সের হিসাব আগেভাগেই মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।