আইপিএলে পাঞ্জাব কিংসের কোচিং স্টাফে রদবদল: বোলিং কোচের দায়িত্বে পরশ মামব্রে

আইপিএলের আসন্ন মরসুমের আগে পাঞ্জাব কিংস তাদের কোচিং বিভাগে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। ফ্র্যাঞ্চাইজিটি বাংলার প্রাক্তন কোচ পরশ মামব্রে-কে তাদের নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে। তিনি জেমস হোপসের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এছাড়াও, ব্র্যাড হ্যাডিনের জায়গায় রাজীব কুমারকে আনা হয়েছে। গত মাসেই হোপস এবং হ্যাডিন পাঞ্জাব কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। পরশ মামব্রে পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করবেন। এর আগে মুম্বই ইন্ডিয়ানসে থাকাকালীন পন্টিং ও মামব্রের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, যা পাঞ্জাবের কোচিং ম্যানেজমেন্টে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

মামব্রে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর জুটিতে ভারত ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালে পৌঁছায় এবং ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জয় করে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও মামব্রের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি দু’দফায় মুম্বই ইন্ডিয়ানসের কোচিং স্টাফের অংশ ছিলেন। ভারতীয় দলের দায়িত্ব ছাড়ার পর তিনি ফের মুম্বই শিবিরে যোগ দিয়েছিলেন। তবে গত মরসুমে মুম্বই ইন্ডিয়ানসের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় কোচিং বিভাগে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই রদবদলের অংশ হিসেবেই গত মাসে মামব্রে মুম্বই ছাড়েন। এবার পাঞ্জাব কিংসের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *