লুপ লাইনে ধস শিয়ালদহ দক্ষিণ শাখায়, ট্রেন চলাচল স্বাভাবিক

শিয়ালদহ দক্ষিণ শাখার একটি লুপ লাইনে ধস নেমেছে। গত রবিবার নিকাশি নালার একাংশ ভেঙে পড়ায় উপরের রেললাইনের কিছু অংশ বসে যায় এবং জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। গত দু’দিনে পরিস্থিতির অবনতি হওয়ায় দ্রুত মেরামতির উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনার খবর পাওয়ার পর থেকেই রেল এবং পুরসভা যৌথভাবে মেরামতির কাজ শুরু করেছে। সোমবার রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত নিকাশি নালা, জলের পাইপলাইন এবং রেললাইনের অংশ সারিয়ে তোলার কাজ চলছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পরিকাঠামো স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
যাত্রীদের জন্য স্বস্তির খবর হলো, এই ধসের কারণে ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। ক্ষতিগ্রস্ত অংশটি লুপ লাইনের হওয়ায় মূল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অফিসযাত্রীদের মধ্যে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও রেলের তরফে জানানো হয়েছে, দৈনন্দিন যাত্রী পরিষেবায় কোনো বিঘ্ন ঘটবে না।