ইনস্টাগ্রামের ফাঁদে ১৭ বছরের কিশোরী, ফেয়ারনেস ক্রিম ব্যবহারে বিকল কিডনি

কেরলের মলপ্পুরমের এক ১৭ বছর বয়সী কিশোরী ইনস্টাগ্রামের বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে একটি ফেয়ারনেস ক্রিম ব্যবহার করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের প্রচার দেখে সে হলুদ, চন্দন ও গ্লুটাথিওন সমৃদ্ধ দাবি করা ওই ক্রিমটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করেছিল।

প্রায় এক বছর ধরে নিয়মিত ব্যবহারের পর কিশোরীর রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘুরে অজ্ঞান হওয়া এবং পা ফুলে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়। হাসপাতালে পরীক্ষার পর জানা যায়, ওই কিশোরী ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ নামক জটিল কিডনির রোগে আক্রান্ত এবং তার রক্তে বিপজ্জনক মাত্রায় পারদ মিশে গিয়েছে। ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, ওই ক্রিমটিতে অনুমোদিত মাত্রার চেয়ে ১২ হাজার ৫০০ গুণ বেশি বিষাক্ত পারদ রয়েছে।

এই ঘটনায় কিশোরীর পরিবার পুলিশের দ্বারস্থ হয়েছে এবং একটি এফআইআর দায়ের করা হয়েছে। চিকিৎসার জন্য ইতিমধ্যে পরিবারের প্রায় ১ লক্ষ টাকা খরচ হয়েছে। চর্মরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ধরনের প্রসাধনীতে পারদ, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের মতো বিষাক্ত উপাদান থাকে, যা কিডনি ও হাড়ের মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসকদের মতে, গায়ের রঙ পরিবর্তনের দাবি করা এই ধরনের ক্রিম ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইন অনুযায়ী ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপন বেআইনি হওয়া সত্ত্বেও তা অবাধে চলছে, যা সাধারণ মানুষকে বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারিত প্রসাধনী পণ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *