রাশিয়ার মহাকাশে পরমাণু অস্ত্র মোতায়েনের পরিকল্পনা: বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

রাশিয়া মহাকাশে পরমাণু অস্ত্রবাহী উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে বলে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জার্মানির গোয়েন্দা সংস্থা ও সশস্ত্র বাহিনীর তথ্যের ভিত্তিতে প্রকাশিত একটি রিপোর্টে এই দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, 'স্পুটনিক-এস' নামে রাশিয়ার একটি উপগ্রহ প্রস্তুত রয়েছে, যা আগামী ৬০ দিনের মধ্যে মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে।
এই খবর প্রকাশ্যে আসতেই জার্মানি ও ন্যাটোসহ পশ্চিমা দেশগুলো সতর্ক অবস্থান নিয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার মহাকাশ কর্মসূচি আন্তর্জাতিক নিয়ম মেনেই পরিচালিত হয় এবং এর উদ্দেশ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ।
বিশেষজ্ঞরা মনে করছেন, এমন কোনো পদক্ষেপ আন্তর্জাতিক চুক্তির সরাসরি লঙ্ঘন হবে। ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটি এবং ১৯৬৩ সালের পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পরমাণু অস্ত্র স্থাপন নিষিদ্ধ।
এর আগেও মহাকাশে রাশিয়ার সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। মার্কিন কর্মকর্তাদের দাবি, শত্রুপক্ষের উপগ্রহ ধ্বংস করতে মহাকাশে পরমাণু বিস্ফোরণ ঘটানোর মতো প্রযুক্তি তৈরি করছে মস্কো। এমন বিস্ফোরণে সৃষ্ট ইলেক্ট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থা ও উপগ্রহ-নির্ভর পরিষেবাগুলোকে অকেজো করে দিতে পারে। জার্মান স্পেস কমান্ডের প্রধান মেজর জেনারেল মাইকেল ট্রাউটও সতর্ক করে জানিয়েছেন, কক্ষপথে পরমাণু বিস্ফোরণ ঘটলে নিম্ন পৃথিবী কক্ষপথে থাকা এক-তৃতীয়াংশ উপগ্রহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।