মোংলা বন্দরে বিস্ফোরকবাহী জাহাজ: ভারতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

চিন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশ্যে আসা একটি জাহাজে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির উপাদান উদ্ধারের ঘটনায় ভারতের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন গোয়েন্দারা। ইন্দোনেশিয়ার নৌবাহিনী তাদের জলসীমায় ‘এমভি স্টারলাইন’ নামক জাহাজটিতে তল্লাশি চালিয়ে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট উদ্ধার করেছে।

বিশেষজ্ঞদের ধারণা, এই পরিমাণ উপাদান দিয়ে অন্তত ১০০টি বহনযোগ্য রকেট তৈরি করা সম্ভব। জাহাজটি কোমোরোসের পতাকাবাহী হলেও এর রেজিস্ট্রেশন ও নথিপত্রে ব্যাপক গরমিল পাওয়া গেছে। তদন্তে জানা গেছে, ৩৬টি কন্টেনারের মধ্যে ১৫টিতে সোডিয়াম পারক্লোরেট ছিল, যা নথিতে অন্য রাসায়নিক হিসেবে দেখানো হয়েছিল। বাকি কন্টেনারগুলিতে ছিল বিপুল পরিমাণ বাতিল চিনা ৪জি সিম কার্ড।

জাহাজটির গন্তব্য ছিল বাংলাদেশের মোংলা বন্দর, যা ভারত সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত। আমদানিকারক বা প্রাপক সম্পর্কে কোনো তথ্য নথিতে উল্লেখ না থাকায় এটি চোরাচালানের একটি বড় চক্র বলে গোয়েন্দাদের ধারণা। ভারতীয় গোয়েন্দাদের মতে, এই ধরনের সামগ্রী কোনো সরকারি বা প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়া বন্দর থেকে খালাস করা অসম্ভব। অতীতেও চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে উত্তর-পূর্ব ভারতের জঙ্গি সংগঠনগুলোর জন্য অস্ত্র ও বিস্ফোরক পাচারের নজির রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উপাদান ঠিক কী উদ্দেশ্যে আনা হচ্ছিল, তা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন নিরাপত্তা কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *