মধ্যপ্রাচ্যের উত্তেজনার আবহে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করল আমেরিকা ও কাতার

মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার আবহে আমেরিকা ও কাতার তাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত অষ্টম মার্কিন-কাতার কৌশলগত সংলাপে উভয় দেশই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি অংশ নেন।

কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তির প্রাক্কালে আয়োজিত এই আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং অর্থনৈতিক সম্পর্ক প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশ ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের অভিপ্রায়ের বিবৃতির অগ্রগতি পর্যালোচনা করেছে। এর পাশাপাশি কাতারের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যৌথ প্রচেষ্টার বিষয়েও আলোচনা হয়েছে।

এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তার মতো উদীয়মান প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাপ্লাই চেইন বৈচিত্র্যময় করার লক্ষ্যে একটি ক্রিটিকাল মিনারেল ফ্রেমওয়ার্ক স্বাক্ষরিত হয়েছে। বৈঠকে গাজা, ইরান এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। আঞ্চলিক দ্বন্দ্ব নিরসনে মার্কিন নেতৃত্বের প্রশংসা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। অন্যদিকে, বৈশ্বিক মধ্যস্থতাকারী হিসেবে কাতারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। উভয় পক্ষই একমত হয়েছে যে, বর্তমান জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই কৌশলগত জোটের গুরুত্ব অপরিসীম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *