দক্ষিণ দিনাজপুরে এএসআই-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়

দক্ষিণ দিনাজপুরের হিলি থানার এক এএসআই, নিউটন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। লস্করপুরের বাসিন্দা আনিসুর রহমান মন্ডল নামে এক বৃদ্ধ এই মর্মে জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আনিসুর রহমান মন্ডলের অভিযোগ অনুযায়ী, গত ২৫ অক্টোবর তিনি একটি গোরু ও সবজি নিয়ে ভুটভুটিতে করে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে মুরালিপুর মোড়ে ওই পুলিশকর্মী তাঁর গাড়ি আটকান এবং গোরু পাচারের অভিযোগ তুলে তাঁকে থানায় নিয়ে যান। থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রেখে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানো হয়। এরপর দালালের মাধ্যমে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করা হয়। একইসঙ্গে, ভুটভুটি চালককে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আরও ১২০০ টাকা নেওয়া হয় বলেও অভিযোগ। টাকা দেওয়ার পরেও আনিসুরের গোরুটি তাঁকে ফেরত দেওয়া হয়নি, বরং সেটি বিক্রি করে দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন।
অভিযোগকারী আরও জানিয়েছেন যে, ওই পুলিশকর্মী এর আগেও এলাকার অন্তত পাঁচজনের কাছ থেকে একইভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করেছেন। ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি। সম্প্রতি অন্য এক যুবকের অভিযোগের পর আনিসুর রহমান মন্ডল সাহস সঞ্চয় করে পুলিশ সুপারের দ্বারস্থ হন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার হিলি থানার কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। অভিযুক্ত এএসআই নিউটন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।