লাকি ব্যাম্বু সতেজ রাখতে চান? এই সহজ টিপসগুলি মেনে চলুন

লাকি ব্যাম্বু গাছ, যা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পরিচিত, অনেক সময় সঠিক যত্নের অভাবে তার সবুজ পাতা হলুদ হয়ে যায়। এই গাছকে সতেজ ও প্রাণবন্ত রাখতে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।

প্রথমত, আলোর দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। লাকি ব্যাম্বু উজ্জ্বল আলো পছন্দ করলেও সরাসরি সূর্যের আলোতে রাখা উচিত নয়। জানলার পাশে এমন জায়গায় গাছটি রাখুন যেখানে পর্যাপ্ত পরোক্ষ আলো পৌঁছায়।

জলে রাখা লাকি ব্যাম্বুর ক্ষেত্রে প্রতি সাত থেকে দশ দিন অন্তর জল পরিবর্তন করা আবশ্যক। ফিল্টার করা জল ব্যবহার করা সবচেয়ে ভালো। যদি কলের জল ব্যবহার করতে চান, তবে তা সারা রাত রেখে দিয়ে ব্যবহার করুন। টবে লাগানো গাছের ক্ষেত্রে মাটির উপরিভাগ শুকিয়ে এলে তবেই জল দিন। অতিরিক্ত জল জমে থাকলে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকে।

পুষ্টির জন্য মাসে একবার সামান্য জৈব সার বা কম্পোস্ট ব্যবহার করলেই যথেষ্ট। গাছের পাতা পরিষ্কার ও চকচকে রাখতে মাসে এক-দুবার নরম ভেজা কাপড় দিয়ে পাতাগুলি মুছে দিন। ১৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই গাছের জন্য আদর্শ। তাই এসি, হিটার বা সরাসরি ঠান্ডা হাওয়ার সংস্পর্শ থেকে গাছটিকে দূরে রাখা প্রয়োজন। যদি কোনো পাতা হলুদ হয়ে যায়, তবে তা দ্রুত কেটে বাদ দিন। এতে গাছের সুস্থ অংশের বৃদ্ধি ত্বরান্বিত হয় এবং গাছটি দীর্ঘ সময় সতেজ থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *