দিল্লির থানায় পুলিশকে ছুরি দিয়ে আক্রমণ, গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার অভিযুক্ত যুবক

দিল্লির জামা মসজিদ থানায় জিজ্ঞাসাবাদের সময় পুলিশের ওপর ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবকের নাম নাবিল (২৫)। পারিবারিক অশান্তি ও মা-বোনকে হেনস্থার অভিযোগে পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে তাকে থানায় ডাকা হয়েছিল।

জিজ্ঞাসাবাদ চলাকালীন আচমকাই পকেট থেকে ছুরি বের করে সে কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই আকস্মিক হামলায় পাঁচজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। তাদের মুখ ও গলার বিভিন্ন অংশে আঘাত লেগেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় থানায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পর থানা থেকে পালিয়ে নাবিল একটি বাইক ছিনতাই করে এলাকা ছাড়ার চেষ্টা করে। খবর পেয়ে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের অপারেশনস ইউনিট তল্লাশি শুরু করে। জামা মসজিদ থানার কাছে চিতলি কবর এলাকায় তাকে ঘিরে ফেলে পুলিশ। পুলিশের দাবি, আটকের সময় সে ফের আক্রমণাত্মক হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। নাবিলের দুই পায়ে গুলি লাগলে তাকে কাবু করে গ্রেফতার করা হয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *