ইউরোপীয় কমিশনের ওয়েবসাইটে সাইবার হানা: এআই প্রযুক্তির যোগসূত্র, ব্যবহারকারীদের তথ্য বেহাত

ইউরোপীয় কমিশনের গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ‘ইইউ অ্যাকাডেমি’তে সম্প্রতি এক বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই প্ল্যাটফর্মটি ইউরোপীয় ইউনিয়নের নীতি ও কার্যক্রম সংক্রান্ত তথ্য প্রদান এবং বিভিন্ন অনলাইন কোর্স পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
কমিশনের প্রাথমিক তদন্তে এই সাইবার হামলায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির যোগসূত্র থাকার সম্ভাবনা উঠে এসেছে। কমিশনের মুখপাত্র টমাস রেনিয়ার জানিয়েছেন, এই আক্রমণের ফলে ব্যবহারকারীদের নাম ও ইমেল ঠিকানা চুরি হয়েছে।
গত ২২ অক্টোবর ডাটাবেসে প্রথম সন্দেহজনক কার্যকলাপ নজরে আসে। এরপরই সাইবার নিরাপত্তা দল ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তবে, কতজন ব্যবহারকারীর তথ্য বেহাত হয়েছে এবং আক্রমণটি পুরোপুরি প্রতিহত করা সম্ভব হয়েছে কিনা, তা নিয়ে এখনও তদন্ত চলছে।
নিরাপত্তার স্বার্থে আপাতত ইইউ অ্যাকাডেমি ওয়েবসাইটের প্রবেশাধিকার বন্ধ রাখা হয়েছে। কমিশন ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছে যে, অপরিচিত বা সন্দেহজনক কোনো ইমেল বা বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে। ওয়েবসাইট বা সংশ্লিষ্ট কার্যক্রমের পরিচয় দিয়ে কেউ যোগাযোগ করলে তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির ঝুঁকি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।