দিল্লির থানায় পুলিশের উপর ছুরি নিয়ে হামলা, গুলিবিদ্ধ হয়ে গ্রেফতার যুবক

দিল্লির জামা মসজিদ থানায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো এক যুবক কর্তব্যরত পুলিশকর্মীদের উপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে। এই ঘটনায় পাঁচজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। পরে অভিযুক্তকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম নাবিল (২৫)। তার পরিবারের পক্ষ থেকে পারিবারিক অশান্তি এবং মা-বোনকে হেনস্থার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার দুপুরে নাবিলকে থানায় ডাকা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন আচমকাই নাবিল পকেট থেকে একটি ছুরি বের করে পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে।
এই আকস্মিক হামলায় পাঁচজন পুলিশকর্মী গুরুতর জখম হন। তাদের মুখ ও গলার বিভিন্ন অংশে আঘাত লেগেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে থানায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
হামলার পর নাবিল থানা থেকে পালিয়ে যায় এবং একটি বাইক ছিনতাই করে এলাকা ছাড়ার চেষ্টা করে। খবর পেয়ে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের অপারেশনস ইউনিট তল্লাশি অভিযান শুরু করে। জামা মসজিদ থানার কাছে চিতলি কবর এলাকায় পুলিশ তাকে ঘিরে ফেলে। পুলিশের দাবি, আটকের সময় সে ফের আক্রমণাত্মক হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। নাবিলের দুই পায়ে গুলি লাগলে তাকে কাবু করে গ্রেফতার করা হয়। বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।