১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে, বিধানসভায় দাবি শুভেন্দুর

পশ্চিমবঙ্গ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক গুরুত্বপূর্ণ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করা প্রায় ১০ হাজার অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই ফেরত পাঠানো হয়েছে। দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং সীমান্ত সুরক্ষায় বিএসএফের সঙ্গে সমন্বয় রেখে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।
বর্তমানে রাজ্যের ১২টি হোল্ডিং সেন্টারে প্রায় ১,৮০০ জন আটক রয়েছেন। এদের নাগরিকত্ব ও পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া চলছে। সীমান্ত নিরাপত্তা আরও মজবুত করতে আগামী ছয় মাসের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজের জন্য বিএসএফের হাতে ১৪২.৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে।
শুভেন্দু অধিকারী আরও দাবি করেন যে, অনেক অনুপ্রবেশকারী ইতিমধ্যেই হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে গেছেন। তিনি স্পষ্ট করেছেন যে, অবৈধভাবে বসবাসকারীদের পেছনে সরকারি অর্থ ব্যয় না করে সেই অর্থ জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা উচিত। নাগরিকত্বের বিষয়ে প্রকৃত ভারতীয় নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি আশ্বস্ত করেছেন যে, ধর্ম, সম্প্রদায় বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো প্রকৃত ভারতীয় নাগরিককে হয়রানি করা হবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া এবং সীমান্ত সুরক্ষার এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি বিধানসভায় জানিয়েছেন।