বিস্ফোরক তৈরির রাসায়নিক নিয়ে বাংলাদেশের পথে, ইন্দোনেশিয়ায় আটক জাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনী একটি জাহাজ আটক করেছে, যা বিস্ফোরক তৈরির কাঁচামাল হিসেবে পরিচিত সোডিয়াম পারক্লোরেট বহন করছিল। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’ নামের এই জাহাজটি চিন থেকে বাংলাদেশের দিকে যাচ্ছিল।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১-এর তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর বেলাওয়ান উপকূলের জলসীমায় জ্বালানি নেওয়ার সময় জাহাজটিকে আটক করা হয়। নৌবাহিনীর টহলদারি জাহাজ কেআরআই সিগালু-৮৫৭-এর কর্মীদের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর জাহাজটি থামানো হয়।

তল্লাশির সময় জাহাজের নথিপত্র এবং পণ্যসামগ্রীতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। নৌবাহিনীর তথ্যমতে, জাহাজটিতে থাকা ৩৬টি কন্টেনারের মধ্যে ১৫টিতে মোট ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ছিল। এই রাসায়নিকটি শক্তিশালী অক্সিডাইজিং উপাদান হিসেবে পরিচিত, যা বিভিন্ন শিল্পক্ষেত্রের পাশাপাশি বিস্ফোরক তৈরিতেও ব্যবহৃত হয়।

জাহাজটির নথিপত্র পরীক্ষা করে দেখা গেছে, সেগুলোর বৈধতা বর্তমানে স্থগিত রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিপজ্জনক পণ্য পরিবহণ সংক্রান্ত নিয়মাবলী এবং যাত্রার আইনগত অনুমোদনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জাহাজটির কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *