লস্করের হামলার হুমকিতে কাঁপছে হায়দরাবাদ, হাই অ্যালার্ট জারি

হায়দরাবাদ শহরে লস্কর-ই-তৈবার নামে একটি হুমকি ই-মেল আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ই-মেল প্রেরক নিজেকে জঙ্গি গোষ্ঠীর সদস্য দাবি করে কাচিগুড়ার হোটেল টুরিস্ট প্লাজা এবং কাচিগুড়া রেলওয়ে স্টেশনে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়েছে। এই নাশকতার ছক ২০০৮ সালের মুম্বই হামলার ধাঁচে কষা হয়েছে বলে দাবি করা হয়েছে।
হুমকি চিঠিতে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর হাতে লস্কর জঙ্গি লতিফ ভাট এবং তার সঙ্গীদের মৃত্যুর বদলা নিতেই এই হামলা চালানো হবে। গত ১৮ নভেম্বর দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লতিফ ভাট নিহত হয়েছিলেন।
এই হুমকি পাওয়ার পরই হায়দরাবাদ পুলিশ প্রশাসন হাই অ্যালার্ট জারি করেছে। শহরের জনবহুল এলাকা, হোটেল, রেল স্টেশন, বাস টার্মিনাল এবং ধর্মীয় স্থানগুলিতে নিরাপত্তা ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে সন্দেহভাজন ব্যক্তি, পরিত্যক্ত বস্তু এবং অস্বাভাবিক গতিবিধির ওপর বিশেষ নজর রাখতে।
পাশাপাশি, নাশকতাবিরোধী তল্লাশি অভিযান শুরু হয়েছে এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ চলছে। হায়দরাবাদ সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, হুমকি ই-মেলটির উৎস ও প্রেরককে চিহ্নিত করতে সাইবার ক্রাইম বিভাগ তদন্ত শুরু করেছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে এবং নাগরিকদের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো সন্দেহজনক বস্তু বা ব্যক্তি নজরে এলে অবিলম্বে ১১২ নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।