ম্যাকলারেনের প্রত্যাবর্তনেই জয়, ডার্বির আগে আত্মবিশ্বাসী মোহনবাগান

চোট সারিয়ে মাঠে ফিরেই মোহনবাগানের আক্রমণভাগের ছন্দ ফিরিয়ে দিলেন জেমি ম্যাকলারেন। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিয়ে আসন্ন ডার্বির আগে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিল সবুজ-মেরুন ব্রিগেড।
আলবার্তো রডরিগেজকে ছাড়াই এদিন রক্ষণ সাজিয়েছিলেন কোচ প্যানোস। চার ভারতীয় ডিফেন্ডারকে নিয়ে গড়া রক্ষণভাগ মাঝে মধ্যে কিছুটা নড়বড়ে দেখালেও, সামগ্রিকভাবে দলের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ম্যাচের ২৬ মিনিটে ম্যাকলারেনের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ছাংতে। প্রথমার্ধে মোহনবাগান আধিপত্য বজায় রাখলেও চার্চিলও পাল্টা আক্রমণের চেষ্টা চালিয়েছিল।
বিরতির পর ৬১ মিনিটে ম্যাকলারেনের পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন অনিরুদ্ধ থাপা। দ্বিতীয়ার্ধে অনিরুদ্ধ এবং মনবীর সিংয়ের মাঠে নামা দলের খেলায় নতুন গতি সঞ্চার করে। যদিও রক্ষণভাগের ভুলে ৮৫ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে চার্চিল। শেষ কয়েক মিনিট চার্চিল চাপ তৈরি করলেও মোহনবাগান রক্ষণ তা সামলে নেয়। গোলকিপার বিশাল কাইথও বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান মজবুত করার পাশাপাশি ডার্বির আগে প্রয়োজনীয় ছন্দ খুঁজে পেল মোহনবাগান। দলের অজি তারকা ম্যাকলারেন গোল না পেলেও দুই গোলের ক্ষেত্রেই তাঁর অবদান ছিল অনস্বীকার্য।