KBC-র মঞ্চে পঞ্জাব নিয়ে বিতর্কিত প্রশ্ন? অমিতাভ বচ্চন ও চ্যানেলকে আইনি নোটিশ

বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন এবং জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি) বর্তমানে আইনি জটিলতার মুখে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে পঞ্জাবের সাঙ্গরুরের এক আইনজীবী অমিতাভ বচ্চন এবং সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

ওই ভিডিওতে দাবি করা হয়েছে যে, কেবিসি-র একটি পর্বে পঞ্জাব রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হয়েছে। প্রায় দু’মিনিটের ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, ১২ লক্ষ ৫০ হাজার টাকার একটি প্রশ্নের জন্য জানতে চাওয়া হচ্ছে ভারতের কোন রাজ্যে পুলিশ স্টেশনে বোমা হামলার ঘটনা ঘটেছে। চারটি বিকল্পের মধ্যে থেকে প্রতিযোগী লাইফলাইন ব্যবহার করার পর অমিতাভ বচ্চন পঞ্জাবকে সঠিক উত্তর হিসেবে চিহ্নিত করেছেন বলে ভিডিওটিতে দাবি করা হয়েছে।

আইনজীবী ইন্দ্রজিৎ অরোরা এই ঘটনায় পঞ্জাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর পাঠানো নোটিশে তিনি দাবি করেছেন, যদি ভিডিওটি অনুষ্ঠানের অংশ হয়, তবে চ্যানেল কর্তৃপক্ষকে অবিলম্বে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং জাতীয় সংবাদমাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে ফেলতে হবে।

তবে, ভিডিওটির সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। অনেকের মতে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি করা একটি ভুয়ো ভিডিও হতে পারে। এই বিষয়ে অমিতাভ বচ্চন বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *