আগামী বছর থেকেই রাজ্যের স্কুলে অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা

আগামী বছর থেকেই রাজ্যের স্কুলে অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক হাজিরা

রাজ্যের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের সমস্ত স্কুলে শিক্ষক, শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের জন্য অ্যাপ-ভিত্তিক বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছর থেকেই এই নতুন পদ্ধতি কার্যকর করা হবে। স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস রেকগনিশন বা মুখের ছবি শনাক্তকরণের সাহায্যে এই হাজিরা নেওয়া হবে। এর ফলে আলাদা করে বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ দেওয়ার প্রয়োজন পড়বে না।

শিক্ষক বদলি নীতি নিয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, বর্তমানে যে বদলি নীতি কার্যকর রয়েছে, সেটিই বহাল থাকবে। বদলি সংক্রান্ত এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে আপাতত নতুন কোনো ব্যবস্থা চালু হচ্ছে না। শিক্ষক বদলির ক্ষেত্রে স্কুলের প্রয়োজনীয়তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। যে স্কুলে শিক্ষক উদ্বৃত্ত রয়েছে, সেখানে নতুন করে শিক্ষক নিয়োগের পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেদিকে নজর রাখা হবে।

শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষক বদলির ক্ষেত্রে পড়ুয়াদের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। কোনো সিদ্ধান্তের ফলে যাতে পঠনপাঠন বা স্বাভাবিক শিক্ষাব্যবস্থা বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা হবে। প্রশাসনিক প্রয়োজনের পাশাপাশি স্কুলের সামগ্রিক পরিস্থিতি এবং পড়ুয়াদের পড়াশোনার স্বার্থকে মাথায় রেখেই বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *