স্পাইসজেটের বিরুদ্ধে টিকিট বিক্রিতে অনিয়ম ও টাকা ফেরতে হয়রানির অভিযোগ

উড়ান সংস্থা স্পাইসজেটের পরিষেবা নিয়ে যাত্রীদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। অভিযোগ উঠেছে, যে বিমানগুলি ওড়ার সম্ভাবনা নেই, সেগুলির টিকিটও সংস্থার পোর্টালে বিক্রি করা হচ্ছে। সমাজমাধ্যমে যাত্রীদের একাংশ দাবি করেছেন, বাতিল হওয়া বিমানের টিকিট বুকিং অ্যাপে উপলব্ধ দেখানো হচ্ছে, যা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। পাশাপাশি, বিমান বাতিল হওয়ার পর টিকিটের টাকা ফেরত পেতেও যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ।
যাত্রীদের অভিযোগ, বিমান বাতিল হওয়ার ২০ দিন পরেও অনেকে টাকা ফেরত পাননি। এমনকি টাকা ফেরতের তারিখ ২০২৭ সাল পর্যন্ত দেখানো হয়েছে বলে দাবি করেছেন কেউ কেউ। অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কাটা যাত্রীরাও উড়ান সংস্থা ও এজেন্সির মধ্যে সমন্বয়ের অভাবে হয়রানির শিকার হচ্ছেন। এই বিষয়ে স্পাইসজেটের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আর্থিক সংকট ও পরিষেবা বিঘ্নিত হওয়ার জেরে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ স্পাইসজেটকে নোটিস পাঠিয়েছে। সংস্থাটি অনুমোদিত সময়সূচি মেনে চলছে না এবং অধিকাংশ বিমান বর্তমানে গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। বকেয়া মেটাতে দেরি ও নিয়মবিধি লঙ্ঘনের বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা তলব করেছে ডিজিসিএ। বর্তমানে শীতকালীন সূচিতে ৬৬টি বিমানের অনুমোদন থাকলেও মাত্র ১০-১৫টি বিমান চলাচল করছে বলে অভিযোগ রয়েছে।