জঙ্গিপুর ব্রিজে আত্মহত্যার প্রবণতা রুখতে বিশেষ উদ্যোগ প্রশাসনের

রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর শহরকে সংযোগকারী প্রায় এক কিলোমিটার দীর্ঘ জঙ্গিপুর সেতুটি দীর্ঘ দিন ধরেই যাতায়াতের অন্যতম মাধ্যম। তবে গত দুই বছরে এই ব্রিজটি আত্মহত্যার চেষ্টার ঘটনার কারণে উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। পুলিশ সূত্রে খবর, এই সময়ের মধ্যে অন্তত ৫০ জন ব্যক্তি ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক ক্ষেত্রে ঝুঁকি নিয়ে যুবকরা মানুষকে উদ্ধার করলেও, সব সময় শেষ রক্ষা করা সম্ভব হয়নি।
এই পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ব্রিজের ওপর বিভিন্ন স্থানে সচেতনতামূলক হোর্ডিং লাগিয়েছে। এই হোর্ডিংগুলোতে জীবনের মূল্য এবং কঠিন সময়ে ভেঙে না পড়ার বার্তা দেওয়া হয়েছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ ইতিবাচক হলেও ব্রিজে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়ানো প্রয়োজন। বাসিন্দাদের একাংশ মনে করছেন, শুধু হোর্ডিং নয়, বরং আরও কঠোর প্রশাসনিক পদক্ষেপই এই সমস্যার স্থায়ী সমাধান করতে পারে।
জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান সন্তোষ চৌধুরী জানিয়েছেন, ব্রিজটি পূর্ত দপ্তরের অধীন হওয়ায় তাদের সঙ্গে যৌথ পরিদর্শন করা হয়েছে। ব্রিজের রেলিংয়ের ওপর লোহার নেট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে কেউ সহজে ঝাঁপ দিতে না পারেন। পূর্ত দপ্তর বর্তমানে এই প্রস্তাবটি খতিয়ে দেখছে। অনুমতি মিললে দ্রুত লোহার নেট বসানোর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে জঙ্গিপুর ব্রিজ আর ‘সুইসাইড পয়েন্ট’ হিসেবে পরিচিত থাকবে না।