ভারত-বাংলাদেশ সীমান্তে চার দিন ধরে নো ম্যানস ল্যান্ডে আটকে এক মহিলা

অসমের কাকড়িপাড়া এবং বাংলাদেশের জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গত চার দিন ধরে আটকে রয়েছেন বছর ত্রিশের এক মহিলা। খোলা আকাশের নিচে খড় ও একটি কম্বল সম্বল করে দিন কাটাচ্ছেন তিনি। ভারত বা বাংলাদেশ—কোনো দেশই তাঁকে নিজেদের নাগরিক হিসেবে স্বীকার করতে রাজি নয়। ফলে এক প্রকার দেশহীন অবস্থায় সীমান্ত এলাকায় দিন কাটছে তাঁর।
বিএসএফ সূত্রে দাবি করা হয়েছে, ওই মহিলা ভিক্ষুক সেজে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। অন্যদিকে, বিজিবি দাবি করেছে, বিএসএফ তাঁকে পুশ-ইন করার চেষ্টা করছে। তবে বিএসএফ এই অভিযোগ অস্বীকার করেছে। ওই মহিলার পরিচয় নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি নিজের নাম ফুজি বেগম এবং বাবার নাম হানিফ বলে জানালেও, ঠিকানা নিয়ে বারবার ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন বলে খবর।
সীমান্তে আটকে থাকা ওই মহিলার কাছে পর্যাপ্ত খাবার না থাকায় স্থানীয় বাসিন্দারা মানবিক কারণে তাঁকে জল ও শুকনো খাবার দিয়েছেন। বিজিবির লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত তাঁদের তৎপরতা অব্যাহত থাকবে। তবে এই ঘটনা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানাপোড়েন অব্যাহত রয়েছে এবং শনিবার দুপুর পর্যন্ত কোনো সমাধানসূত্র মেলেনি।