গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের জন্য চালু হচ্ছে হেলিকপ্টার পরিষেবা

আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রথমবারের মতো হেলিকপ্টার পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়ালের নেতৃত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলায় ৮ থেকে ১০টি হেলিকপ্টার মোতায়েন করা হবে, যার মাধ্যমে পুণ্যার্থীরা আকাশপথে যাতায়াত করতে পারবেন। এর ফলে সকালে এসে পুজো দিয়ে বিকেলের মধ্যেই ফিরে যাওয়া সম্ভব হবে। তবে এই পরিষেবার টিকিটের মূল্য সম্পর্কে এখনও কোনো তথ্য জানানো হয়নি।
সাগরমেলায় ভিড় সামলাতে এবং পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ নিয়েছে। দুর্ঘটনা এড়াতে হোগলা শেডের পরিবর্তে তাঁবু তৈরির পরিকল্পনা করা হয়েছে। এছাড়া মুড়িগঙ্গা নদী পারাপারের জন্য বার্জের সংখ্যা বাড়িয়ে ১৫ থেকে ২০টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা প্রাঙ্গণের বাইরে ৩৮ একর জমি চিহ্নিত করা হয়েছে পুণ্যার্থীদের থাকার ব্যবস্থার জন্য। লট নম্বর-৮ এ অতিরিক্ত যাত্রীশেড নির্মাণ এবং ১১৭ নম্বর জাতীয় সড়কে আলোকসজ্জার ব্যবস্থাও করা হচ্ছে।
মুখ্যসচিব জানিয়েছেন, গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার আদলে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করছে রাজ্য। পুণ্যার্থীদের কোনো প্রকার হেনস্থা বরদাস্ত করা হবে না বলে বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সড়কপথে যানবাহনের চালকদের ওপর নজরদারি বাড়াতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। জল ও স্থলপথের পাশাপাশি আকাশপথের এই নতুন সংযোজন দেশ-বিদেশ থেকে আসা তীর্থযাত্রীদের জন্য গঙ্গাসাগর ভ্রমণকে আরও সহজ ও আরামদায়ক করে তুলবে বলে আশা করা হচ্ছে।