সুমিত রায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকে নোটিস মানবাধিকার কমিশনের

টাকা উদ্ধারের মামলায় বর্তমানে ডায়মন্ড হারবার পুলিশের হেফাজতে রয়েছেন সুমিত রায়। পুলিশি হেফাজতে স্বামীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন তাঁর স্ত্রী সুস্মিতা রায়। গত কয়েক মাসে রাজ্যে ঘটে যাওয়া একাধিক এনকাউন্টারের ঘটনার প্রসঙ্গ টেনে সুস্মিতা আশঙ্কা প্রকাশ করেছেন যে, তাঁর স্বামীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটতে পারে। পাশাপাশি, পুলিশি হেফাজতে সুমিতের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি।
অবসরপ্রাপ্ত বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের নেতৃত্বাধীন কমিশনের বেঞ্চে এই অভিযোগের ভিত্তিতে প্রথম শুনানি সম্পন্ন হয়েছে। শুনানির পর ডায়মন্ড হারবারের পুলিশ সুপার, ডায়মন্ড হারবারের আইসি এবং কালীতলা আশুতি ও উস্থি থানার ওসিকে নোটিস পাঠিয়েছে কমিশন। অভিযুক্ত পুলিশ আধিকারিকদের কাছে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবং ওই দিনই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশনের পক্ষ থেকে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে গোটা তদন্ত প্রক্রিয়া আইন মেনে পরিচালিত হয় এবং সুমিত রায়ের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। সুস্মিতা রায়ের আইনজীবী জানিয়েছেন, কমিশন তাঁর মক্কেলের অভিযোগ গুরুত্ব সহকারে শুনেছে। তবে কমিশনের এই নোটিসের প্রেক্ষিতে জেলা পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।