অসমের কাজিরাঙায় মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ২৬

অসমের কাজিরাঙার কাছে রঙ্গাজানে একটি মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টো থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বোকাখাট থেকে নগাঁওগামী মিনিবাসটিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই কলেজ পড়ুয়া। সংঘর্ষের অভিঘাত এতটাই জোরালো ছিল যে ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ায় যাত্রীরা ভেতরে আটকে পড়েন, তাদের উদ্ধার করতে উদ্ধারকারী দলকে যথেষ্ট বেগ পেতে হয়। আহতদের উদ্ধার করে কোহরা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা জানিয়েছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কর্নাটকের নম্বরপ্লেটযুক্ত ট্রাকটির সঙ্গে বাসটির ধাক্কা লাগে। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটির বিরুদ্ধে অতীতে ট্রাফিক আইন ভাঙার একাধিক অভিযোগ ছিল। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী অতুল বরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং আহতদের সুচিকিৎসার জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।