পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব গিরিশ পার্ক থানার

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব গিরিশ পার্ক থানার

পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তাঁকে আগামী ২০ নভেম্বর গিরিশ পার্ক থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, গত অক্টোবর মাসে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ একাধিক পুলিশ আধিকারিককে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিতর্কিত মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের জেরে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে এক মহিলা গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরেই সাংসদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুযায়ী, তিনি পুলিশ আধিকারিকদের নাম লিখে রাখার হুমকি দিয়েছিলেন এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। সাংসদের দাবি ছিল, মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীকে খুশি করতে পুলিশ তৃণমূল কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। এই মন্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়। এর আগেও একাধিক ঘটনায় অভিষেকের নাম জড়িয়েছে। গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে পুলিশ ও পুরসভার আধিকারিকদের সঙ্গে বচসার ঘটনায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।

পাশাপাশি, গত ৬ নভেম্বর কালীঘাটে জন্মদিন পালনকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় কালীঘাট থানায় চারটি মামলা রুজু হয়েছে। সেই মামলাগুলিতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছে। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। আগামী ২০ নভেম্বর বেলা ১২টার মধ্যে তাঁকে গিরিশ পার্ক থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই তলব ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *